প্রকাশিত : বুধবার , ২৫ ডিসেম্বর ২০২৪ , দুপুর ১২:০৮।। প্রিন্ট এর তারিখঃ সোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬ , দুপুর ০২:৩৭
রিপোর্টার : অনলাইন ডেস্ক:

রাজধানীতে ট্রাকে ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু


রিপোর্টার : sibly

রাজধানীর উত্তরা পূর্ব থানার সামনে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় অজ্ঞাতপরিচয়ের এক ব্যক্তি নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ৫০ বছর।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাত সোয়া ১টার দিকে এ ঘটনাটি ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে ভোরের দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত ওই ব্যক্তিকে নিয়ে আসা পথচারী মো. গোলাম রব্বানী জানান, উত্তরা পূর্ব থানাধীন আমর্ড পুলিশ ব্যাটালিয়নের সামনে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি ট্রাকের ধাক্কায় আহত হন তিনি। আমরা তাকে উদ্ধার করে কুয়েত মৈত্রী হাসপাতালে নিয়ে গেলে অবস্থার অবনতি হয়, পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

তিনি আরও জানান, নিহতের নাম পরিচয় এখনো জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। সিআইডি ক্রাইমসিনকে খবর দেওয়া হয়েছে। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার নাম পরিচয় শনাক্ত করা যাবে বলেও জানান তিনি।